সাম্প্রতিক গোপালগঞ্জের সহিংস ঘটনায় গোয়েন্দা সংস্থার কাছে কিছু তথ্য থাকলেও ঘটনার পরিসর এত বড় হবে তা তারা বুঝতে পারেনি—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, ‘গোপালগঞ্জের ঘটনাটি আমাদের নজরে ছিল। গোয়েন্দা সংস্থার কাছেও কিছু তথ্য ছিল। তবে এত বড় পরিসরে ঘটনা ঘটবে, সে মাত্রার সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে ছিল না।’
ওই ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যারা অন্যায় করেছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। আমরা ইতোমধ্যেই প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।’
আরও পড়ুন : গোপালগঞ্জের সর্বশেষ পরিস্থিতি নিয়ে যা জানা যাচ্ছে
এনসিপি নেতারা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ করেছেন—এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এ ব্যাপারে তো আপনারাও অনেক কথা বলতে পারেন। কারো বক্তব্য তার নিজস্ব বিষয়। আমরা দায়িত্ব পালন করছি। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো আপস হবে না।’
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যা যা প্রয়োজন, সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, ‘গতকালই আমরা প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনাটি নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা চলছে। এই প্রেক্ষাপটে সরকারের উচ্চপর্যায়ের এমন আশ্বাস ও প্রতিশ্রুতি জনমনে আস্থা ফিরিয়ে আনবে বলেই আশা করা হচ্ছে।
ঢাকা ডেস্ক 









