দেশজুড়ে চলছে টানা বৃষ্টির ধারা। কোথাও হালকা, কোথাও ভারি—বৃষ্টির ছোঁয়ায় যেমন প্রশান্তির নিঃশ্বাস ফেলছে প্রকৃতি, তেমনি দুর্ভোগে পড়ছে জনজীবন। এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিন পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়বে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হতে পারে মাঝারি থেকে ভারি বর্ষণ।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, ভারতের ঝাড়খণ্ড অঞ্চলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি এখন অবস্থান করছে দক্ষিণপূর্ব উত্তর প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায়। এর প্রভাবে মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত হয়ে পড়েছে রাজস্থান, হরিয়ানা, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত।
এই অবস্থায় শুক্রবার (১৮ জুলাই) সকাল ৯টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়। রংপুর, রাজশাহী ও বরিশাল বিভাগের অনেক জায়গায়। খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।
দিনভিত্তিক বৃষ্টির পূর্বাভাস
শনিবার (১৯ জুলাই)
- ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট – অনেক জায়গায়
- রংপুর, বরিশাল – কিছু কিছু জায়গায়
- ঢাকা, খুলনা, রাজশাহী – দু’এক জায়গায়
- ➡ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও কোথাও ভারি বর্ষণ
রবিবার (২০ জুলাই)
- রংপুর, ময়মনসিংহ, সিলেট – অনেক জায়গায়
- চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী – কিছু জায়গায়
- ➡ ভারি বৃষ্টির আশঙ্কা রংপুর ও ময়মনসিংহে
সোমবার (২১ জুলাই)
- রংপুর, ময়মনসিংহ, সিলেট – অধিকাংশ এলাকায়
- ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী – অনেক জায়গায়
- মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা
মঙ্গলবার (২২ জুলাই)
- রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট – অনেক জায়গায়
- বাকি বিভাগগুলো – কিছু কিছু জায়গায়
- ➡ বজ্রসহ ভারি বৃষ্টির পূর্বাভাস বহাল
বৃষ্টির এ ধারাবাহিকতায় নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, ভূমিধসপ্রবণ এলাকায় ঝুঁকি, এবং দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যেতে পারে। বিশেষ করে পাহাড়ি ও নদীসংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
ঢাকা ডেস্ক 









