‘জুলাই গণ-অভ্যুত্থান’ স্মরণে দেশের মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সরকার।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আগামী শুক্রবার (১৮ জুলাই) গ্রাহকদেরকে বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দেওয়ার জন্য মোবাইল অপারেটরগুলোকে নির্দেশনা দিয়েছে ।
বুধবার (১৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, জনআকাঙ্ক্ষা পূরণ এবং জনস্বার্থে ১৮ জুলাই ফ্রি ইন্টারনেট ডে ঘোষণা উপলক্ষে গ্রাহকদের ফ্রি ইন্টারনেট দেয়ার জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনা ও গত ৮ জুলাই কমিশনের ভাইস-চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত অনুসারে গত ৯ জুলাই মোবাইল অপারেটরদের আগামী ১৮ জুলাই সব গ্রাহককে ৫ দিন মেয়াদি ১ জিবি ফ্রি ডাটা দেয়ার নির্দেশ দিয়েছে।
এ পরিস্থিতিতে দিবসটির গুরুত্ব বিবেচনায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ফ্রি ইন্টারনেট দেয়ার কর্মসূচির সাফল্য এবং সর্বাধিক গ্রাহক অবগতি নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১৮ জুলাই সকল মোবাইল গ্রাহক পাচ্ছেন ৫ দিন মেয়াদি ১ জিবি ফ্রি ডাটা। ফ্রি ডাটা পেতে ডায়াল করুন জিপি *121*1807#, রবি *4*1807#, বাংলালিংক *121*1807, টেলিটক *111*1807#।
২০২৪ সালের জুলাই মাসে তৎকালীন সরকারের বিরুদ্ধে ব্যাপক ছাত্র-জনতার আন্দোলনের সময় ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর দীর্ঘ ১০ দিন মোবাইল ইন্টারনেট বন্ধ থাকে এবং ব্রডব্যান্ড সংযোগ সীমিত আকারে চালু হয় ২৩ জুলাই থেকে।
এই প্রেক্ষাপটে বর্তমান সরকার জুলাই মাসকে ‘পুনর্জাগরণের মাস’ হিসেবে ঘোষণা করে বিভিন্ন স্মারক কর্মসূচি হাতে নেয়। এর অংশ হিসেবেই এই ফ্রি ইন্টারনেট ডেটা বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রিপোর্টার 









