ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমানসহ ছয় পুলিশ সদস্যকে ঘুষ নেওয়ার অভিযোগে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, সড়কে পণ্যবাহী একটি কাভার্ডভ্যান থামিয়ে ৮০ হাজার টাকা ঘুষ আদায় করেন তারা।
অভিযুক্ত অন্যান্য সদস্যরা হলেন—এএসআই বিপ্লু বড়ুয়া, কনস্টেবল সাহাবুদ্দিন, মস্তু, সাকিবুল ও জহির মিয়া। প্রত্যাহারের পর তাদের কুমিল্লা হাইওয়ে পুলিশ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
আরও পড়ুন : রাজধানীতে ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি নান্নু গ্রেপ্তার
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চলতি মাসের ৩ তারিখে সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান থামিয়ে অবৈধ মালামালের অভিযোগে চালকের কাছ থেকে অর্থ আদায় করেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। বিষয়টি সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশ পায়, যা প্রশাসনের নজরে আসে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার (১৪ জুলাই) ছয়জনকে সরিয়ে তদন্ত শুরু করা হয়েছে। বর্তমানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে এসআই সজীব মিয়া দায়িত্ব পালন করছেন। তিনি জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, “তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। একজন অতিরিক্ত পুলিশ সুপারকে দিয়ে তদন্ত চলছে।”
ঢাকা ডেস্ক 









