কক্সবাজারে জামায়াতপন্থী নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত বিএনপির স্থানীয় নেতা রহিম উল্লাহ সিকদার মারা গেছেন। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত রহিম সিকদার কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় স্থানীয় এক ব্যক্তি জাহেদ পথরোধ করে মারধর করলে ঘটনাস্থলে যান রহিম সিকদারসহ কয়েকজন। তখনই আব্দুল্লাহ আল নোমান ও মিজান নামে জামায়াত সংশ্লিষ্ট দুই ব্যক্তি তাদের ওপরও হামলা চালান। এতে রহিমসহ কয়েকজন আহত হন।
আরও পড়ুন : স্ত্রীর মৃত্যুর খবরে হৃদয়ভাঙা স্বামীও না ফেরার দেশে
গুরুতর অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এ ঘটনায় জেলা পুলিশের মুখপাত্র জসিম উদ্দিন চৌধুরী জানান, ‘পূর্বের একটি মামলার জের ধরেই হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত মিজানকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।’
হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিএনপি নেতাকর্মীরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
ঢাকা ডেস্ক 









