রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় আত্মপক্ষ সমর্থন শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেছেন ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি।
সোমবার (১৪ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মো. জাকির হোসাইনের আদালতে আত্মপক্ষ সমর্থন শুনানিতে তারা এই দাবি করেন।
শুনানিকালে ক্রিকেটার নাসির হোসাইন ও তামিমা সুলতানা তাম্মি আদালতে উপস্থিত ছিলেন।
একই সঙ্গে আগামী ১১ আগস্ট সাফাই সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসান এ তথ্য জানান।
ইসরাত হাসান বলেন, আত্মপক্ষ সমর্থন শুনানিতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। আগামী ধার্য তারিখে আসামিরা তাদের পক্ষে জবানবন্দি দেবেন।
এর আগে, গত ২৮ এপ্রিল নাসির-তামিমার মামলা শুনানিতে বিব্রত প্রকাশ করে বিচারের জন্য সংশ্লিষ্ট আদালতে বদলির নির্দেশ দেন।
এ নিয়ে মামলায় মোট দশজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।
২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার প্রথম স্বামী রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন।
আরও পড়ুন : রাজসাক্ষী হওয়ায় শর্তসাপেক্ষে ক্ষমা পেলেন সাবেক আইজিপি মামুন
মামলার অভিযোগে বলা হয়, রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় নাসির তামিমাকে বিয়ে করেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী অবৈধ।
মামলাটি তদন্ত শেষে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর নাসির হোসেন ও তামিমা সুলতানা এবং তামিমার মা সুমি আক্তারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পিবিআই।
এরপর ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত।
তবে নাসিরের শাশুড়ি সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
ঢাকা ডেস্ক 









