বলিউডের রোমান্সের রাজা হিসেবে পরিচিত শাহরুখ খান তার দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নায়িকার সঙ্গে রোমান্টিক জুটি বেঁধে উপহার দিয়েছেন অমর সব চলচ্চিত্র। কিন্তু এত তারকার সঙ্গে কাজ করার পরও একজন অভিনেত্রী রয়েছেন, যাকে তিনি নিজের চোখে সবচেয়ে আকর্ষণীয় বলে মনে করেন।
সম্প্রতি শাহরুখের একটি পুরোনো সাক্ষাৎকার নতুন করে আলোচনায় এসেছে। জনপ্রিয় বিনোদন সাংবাদিক ফারিদুন শারিয়ারের সঙ্গে আলাপকালে শাহরুখ অকপটে স্বীকার করেন, ক্যাটরিনা কাইফই তার চোখে সবচেয়ে আকর্ষণীয় নায়িকা।
শাহরুখ বলেন, ‘ক্যাটরিনা হলো সেই প্রতীক, যা সবকিছু কোমল, সুন্দর ও সংবেদনশীল করে তোলে। তার হৃদয়টা খুবই নরম, আর এই মানবিক দৃষ্টিভঙ্গিই তাকে আলাদা করে তোলে।’
আরও পড়ুন : অবশেষে বিয়ে করতে চান সালমান খান !
তিনি আরও বলেন, ক্যাটরিনা মাঝে মাঝে সিদ্ধান্ত নিতে দ্বিধা করে, কিন্তু সেটাকে তিনি দুর্বলতা নয় বরং একজন পরিপূর্ণ মানুষের বৈশিষ্ট্য হিসেবে দেখেন।
এই উক্তি শাহরুখ-ক্যাটরিনা ভক্তদের মধ্যে নতুন করে উন্মাদনা সৃষ্টি করেছে। ‘জব তক হ্যায় জান’ সিনেমায় তাদের অনস্ক্রিন রসায়ন আজও দর্শকদের মনে গেঁথে রয়েছে। সিনেমাটির প্রেমময় মুহূর্তগুলো ও হৃদয়স্পর্শী দৃশ্য বারবার ফিরে আসে বলিউড প্রেমীদের আলোচনায়।
বর্তমানে শাহরুখ খান ব্যস্ত তার পরবর্তী বিগ বাজেট সিনেমা ‘কিং’ এর শুটিংয়ে। ছবিটির বিশেষ আকর্ষণ, এই প্রথমবারের মতো নিজের মেয়ে সুহানা খান-এর সঙ্গে একই সিনেমায় পর্দা ভাগ করবেন কিং খান। সিনেমাটিতে আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অনিল কাপুর, অভিষেক বচ্চন (খল চরিত্রে), জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত, অভয় বর্মা, রাঘব জুয়াল ও সৌরভ শুক্লার মতো তারকারা।
ছবিটি প্রযোজনা করছে শাহরুখের নিজস্ব প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, যা ২০২৫ সালের সবচেয়ে আলোচিত ও প্রতীক্ষিত ছবি হিসেবেই বিবেচিত হচ্ছে।
ঢাকা ডেস্ক 









