রাজধানী ঢাকাসহ দেশের ছয়টি বিভাগের বিভিন্ন এলাকায় আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী কিংবা ভারী বৃষ্টিও হতে পারে। তবে ঝড়ো হাওয়ার আশঙ্কা না থাকায় সমুদ্রবন্দর ও নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি।
আজ সোমবার (১৪ জুলাই) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেওয়া আবহাওয়ার সংক্ষিপ্ত পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনাও। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন : ঢাকাসহ ৬ বিভাগে তুমুল বৃষ্টির পূর্বাভাস
আজ সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ২.২ মিলিমিটার।
সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।
এ ধরনের বৃষ্টিপাতের কারণে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। রাতের তাপমাত্রাও কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের আরেক বিবৃতিতে জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে আগের দেওয়া সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। একইসঙ্গে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্যও কোনো সতর্কতা বলবৎ নেই।
ঢাকা ডেস্ক 









