রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের ভিত্তিতে আগামী ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠের বিষয়ে চিন্তাভাবনা করছে সরকার। শুক্রবার (১১ জুলাই) কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, ‘জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের কাজ চলমান। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে। প্রতিটি দল তাদের নিজস্ব প্রস্তাবনা সরকারের কাছে জমা দিয়েছে। এখন সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।’
আরও পড়ুন : সাপ্তাহিক ছুটির দিনেও খোলা থাকবে কাস্টম হাউস
আসিফ মাহমুদ আরও জানান, ‘সরকারের প্রচেষ্টা রয়েছে যে, সব রাজনৈতিক দল একমত হলে আগামী ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে জুলাই ঘোষণাপত্র পাঠ করা যাবে। আমরা আশা করছি, রাজনৈতিক দলগুলোর মধ্যে শিগগিরই ঐকমত্য তৈরি হবে এবং ঘোষণাপত্র পাঠের পথ সুগম হবে।’
অনুষ্ঠানে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. শহিদুল্লাহ, সাবেক সভাপতি মো. ইসমাইল, সাবেক সভাপতি কাজী নাজমুস সাদাতসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশের রাজনৈতিক অঙ্গনে ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে জল্পনা-কল্পনা বেশ কিছুদিন ধরেই চলছিল। এটি বাস্তবায়িত হলে জাতীয় রাজনীতিতে নতুন দিকনির্দেশনা তৈরি হবে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।
ঢাকা ডেস্ক 









