যৌনস্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলেও সমাজে এ নিয়ে খোলামেলা আলোচনা অনেকের কাছেই অস্বস্তিকর। ফলে সঠিক তথ্যের অভাবে অনেক সময়েই দাম্পত্য জীবনে জটিলতা তৈরি হয়। বিশেষজ্ঞদের মতে, যৌন স্বাস্থ্য নিয়ে সচেতনতা ও তথ্যভিত্তিক জ্ঞান না থাকায় বহু নারী-পুরুষই কনডম ব্যবহারে ভুল করেন, যা স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।
কনডম সংরক্ষণে সচেতনতা জরুরি
অনেক পুরুষই কনডম মানিব্যাগে রেখে দেন, যা মোটেও নিরাপদ নয়। এতে চাপ ও ঘর্ষণের ফলে কনডম ছিদ্র হয়ে যেতে পারে। পাশাপাশি অতিরিক্ত তাপমাত্রার কারণে এর কার্যকারিতা হ্রাস পায়। এমনকি আলমারির ভেতরেও ভুলভাবে সংরক্ষণ করলে কনডম নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। বিশেষজ্ঞরা পরামর্শ দেন, কনডম ঠান্ডা, শুকনো ও ছায়াযুক্ত স্থানে রাখার জন্য।
মেয়াদ দেখে ব্যবহার করুন
কনডম ব্যবহারের আগে অবশ্যই তার মেয়াদ পরীক্ষা করে নেওয়া উচিত। মেয়াদোত্তীর্ণ কনডম ব্যবহারে গর্ভধারণ বা যৌনরোগের ঝুঁকি বেড়ে যায়।
আরও পড়ুন : সুন্দরী মেয়েদের মন জয় করতে ব্যবহার করুন এই ১৫টি লাইন
সঠিক সময়ে পরার নিয়ম
অনেকেই ভুল ধারণা নিয়ে থাকেন যে যৌনক্রিয়া শুরু হওয়ার কিছু পরে কনডম ব্যবহার করলেই হবে। কিন্তু বাস্তবে যৌন মিলনের শুরুতেই কনডম ব্যবহার না করলে গর্ভধারণের সম্ভাবনা থেকেই যায়, কারণ শুক্রাণু নির্গমন শুরুর আগেই ভ্যাজাইনায় প্রবেশ করতে পারে।
লুব্রিকেন্ট ব্যবহারে সতর্কতা
বাজারে কিছু লোক বিভিন্ন ধরণের মলম বা তেল (যেমন ভেজলিন, ময়েশ্চারাইজার ইত্যাদি) কনডমের সঙ্গে ব্যবহার করেন, যা অনেক সময় কনডমের উপাদান নষ্ট করে দিতে পারে। তাই নিরাপদ ও পরীক্ষিত লুব্রিকেন্ট ব্যবহারের পরামর্শ দেন চিকিৎসকরা।
মানসম্মত কনডম ব্যবহার করুন
অল্প দামে পাওয়া অপ্রতিষ্ঠিত কোম্পানির কনডম ব্যবহার না করে বিশ্বস্ত ও মানসম্মত ব্র্যান্ড বেছে নেওয়াই শ্রেয়। এতে যৌনসঙ্গী উভয়েরই সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।
সন্তান পরিকল্পনা ও যৌনরোগ প্রতিরোধে কনডম একটি কার্যকর পদ্ধতি। তবে ভুল ব্যবহার বা সংরক্ষণের কারণে এটি অকার্যকর হয়ে পড়তে পারে। তাই নিজের ও সঙ্গীর সুস্থতার জন্য কনডম ব্যবহারে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অপরিহার্য।
সূত্র: স্বাস্থ্য বিশেষজ্ঞ মতামত ও জনসচেতনতামূলক তথ্যাবলি
রিপোর্টার 















