ঢাকার মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১২ জুলাই) সকালে ঢাকা জেলা পুলিশ লাইন ও রিজার্ভ ফোর্স কার্যালয় পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সোহাগ হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে। কেউ দায় এড়িয়ে যেতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ। কেউ আইন নিজের হাতে তুলে নিলে সেটি মেনে নেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিন, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
আরও পড়ুন : মিডফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনায় ড. আসিফ নজরুলের কড়া বার্তা
স্বরাষ্ট্র উপদেষ্টা মনে করিয়ে দেন, বিচারের ধীরগতির দায় আইনশৃঙ্খলা বাহিনীর নয়, বরং এটি বিচার প্রক্রিয়ার কাঠামোগত বিষয়। তবে, বাহিনী তাদের দায়িত্ব থেকে পেছপা হচ্ছে না।
তিনি বলেন, ‘আমরা এখন অনেক বেশি অসহিষ্ণু হয়ে পড়েছি। এই প্রবণতা সমাজের জন্য বিপজ্জনক। অভিভাবক, শিক্ষক, সমাজনেতা এবং চিকিৎসকসহ সবাইকে একযোগে সহিংসতা বন্ধে ভূমিকা রাখতে হবে।’
সাম্প্রতিক আলোচিত কিছু ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয়—এমন অভিযোগ সঠিক নয়। উদাহরণস্বরূপ বলা যায়, সম্প্রতি কাঠমান্ডুগামী বিমানে বোমা রয়েছে এমন ভুয়া তথ্য দেওয়া ঘটনার সঙ্গে জড়িত নারীসহ মোট পাঁচজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় কখনো হয়তো কোথাও কিছুটা দেরি হতে পারে, তবে সেসব ঘটনাতেও আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি এবং নিচ্ছি।’
উল্লেখ্য, ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড নিয়ে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা রাখতে ও বিচার প্রক্রিয়ার প্রতি সম্মান জানাতে জনগণকে আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
ঢাকা ডেস্ক 









