জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের মোবাইল গ্রাহকদের জন্য সুখবর। আসছে ১৮ জুলাই মোবাইল অপারেটরদের পক্ষ থেকে বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট ডাটা দেওয়া হবে। এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বুধবার (৯ জুলাই) এক নির্দেশনায় মোবাইল অপারেটরদের এই ডাটা সরবরাহ নিশ্চিত করতে বলেছে নিয়ন্ত্রক সংস্থা। ৮ জুলাই ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনা এবং কমিশনের ভাইস-চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিটিআরসি জানায়, ১৮ জুলাই ‘ফ্রি ইন্টারনেট ডে’ঘোষণার অংশ হিসেবে মোবাইল অপারেটররা তাদের গ্রাহকদের ৫ দিন মেয়াদি ১ জিবি ডাটা একেবারে বিনামূল্যে সরবরাহ করবে।
আরও পড়ুন: টানা বৃষ্টিতে নোয়াখালীর ১,৮০০ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা
এছাড়া গ্রাহকদের আগেই এসএমএসের মাধ্যমে বিষয়টি অবহিত করা হবে। প্রস্তাবিত এসএমএস বার্তায় থাকবে— ‘কেউ কেড়ে নেবে না ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১৮ জুলাই পাচ্ছেন ১ জিবি ডাটা ফ্রি। মেয়াদ ৫ দিন।’
বিটিআরসি অপারেটরদের এই উদ্যোগের সুষ্ঠু বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে এবং দিনটি যথাযথভাবে পালনে সহযোগিতা কামনা করেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় দেশব্যাপী ইন্টারনেট সংযোগ স্থগিত করেছিল তৎকালীন আওয়ামী সরকার। ওই ঘটনার প্রেক্ষিতে জনগণের ডিজিটাল অধিকার ও ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা রক্ষার বার্তা দিতেই এ বছর ১৮ জুলাই ফ্রি ইন্টারনেট ডে উদযাপনের সিদ্ধান্ত এসেছে।
রিপোর্টার 









