বহুল আলোচিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) সেই চাকরিচ্যুত উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার পাওনা সব বেতন ও সুযোগ-সুবিধাও দিতে বলা হয়েছে।
বুধবার (৯ জুলাই) এই রায় ঘোষণা করেছেন বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
আদালতের রায় পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মো. শরীফ উদ্দিন গণমাধ্যমে বলেছেন, ‘আমি ন্যায়বিচার পেয়েছি।’
উল্লেখ্য, ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি মো. শরীফ উদ্দিনকে দুদকের তৎকালীন চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অপসারণ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮-এর বিধি ৫৪ (২) তে প্রদত্ত ক্ষমতাবলে পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হলো। বিধি অনুযায়ী তিনি ৯০ দিনের বেতন এবং প্রযোজ্য সুযোগ-সুবিধা (যদি থাকে) পাবেন। কমিশনের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
জানা গেছে, চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত থাকাকালে বেশকিছু বড় দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন মো. শরীফ উদ্দিন। এরপরই একাধিক মহলের রোষানলে পড়েন তিনি।
২০২৩ সালের ৩০ জানুয়ারি পরিবারসহ হত্যার হুমকি পান শরীফ। পরিবারসহ হত্যার হুমকি পাওয়ায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আইয়ুব খান চৌধুরী ও তার সঙ্গীদের বিরুদ্ধে সিসি টিভির ফুটেজসহ চট্টগ্রামের খুলশী থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেন শরীফ।
ঢাকা ডেস্ক 









