রাজধানীর হাতিরঝিল এলাকায় যুবদল নেতা আরিফ শিকদার হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবদুল ওয়াহাব মামলার তদন্তের স্বার্থে রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাজহারুল ইসলাম আসামি সুব্রত বাইনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রাষ্ট্রপক্ষ শুনানিতে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরলেও আসামিপক্ষ জামিন ও রিমান্ড বাতিল চেয়ে আবেদন করে।
উভয় পক্ষের শুনানি শেষে বিচারক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তথ্য অনুযায়ী, গত ১৯ এপ্রিল রাত ১০টার দিকে রাজধানীর নয়াটোলা মোড়ল গলির ‘দি ঝিল ক্যাফে’-এর সামনে গুলি করা হয় যুবদল নেতা মো. আরিফ শিকদারকে।
আরও পড়ুন : বিধবাকে ধর্ষণের পর ভিডিও ধারণ, অতঃপর
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, ২১ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নিহত আরিফ ছিলেন ঢাকা মহানগর উত্তরের ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক। আরিফের বোন রিমা আক্তার বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা করেন। মামলাটি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তেজগাঁও বিভাগ তদন্ত করছে।
মামলার অভিযুক্ত ১০ জনের মধ্যে অন্যতম হলেন— মাহফুজুর রহমান বিপু (সুব্রতের সহযোগী), মো. ইয়াছিন (১৯), মো. আসিফ হোসেন (২১), মো. অনিক (১৯), মো. মিরাজ (১৯), মো. আশিক (১৯), মো. ইফতি (২৪), জাফর ইমাম তরফদার মন্টু (৪০)
গত ২৭ মে সেনাবাহিনীর অভিযানে সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদসহ চারজনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
পরদিন হাতিরঝিল থানায় দায়ের হওয়া অস্ত্র আইনের মামলায় তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এবার আরিফ শিকদার হত্যার ঘটনায় তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয় ২৩ জুন, যেখানে তিনি ভার্চুয়াল শুনানিতে হাজির ছিলেন।
ঢাকা ডেস্ক 









