রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় ডাকাতদের হামলায় ইসমাইল খান (৮০) নামের এক বৃদ্ধ খুন হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী সালেহা বেগমও (৭০) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৮ জুলাই) ভোরের দিকে এ ঘটনা ঘটে।
নিহতের মেয়ে সালমা বেগম বলেন, আমাদের উত্তর বিবির বাগিচার ইত্যাদির গলিতে পাঁচতলা একটি বাড়ি আছে। বাড়ির দ্বিতীয় তলায় আমার মা-বাবা থাকেন।
আমি আমার স্বামীর সঙ্গে রায়েরবাগের বাসায় থাকি। আজ ভোরে একদল ডাকাত বাসার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে জিম্মি করে লুটপাট চালায় এবং আমার বাবা-মাকে মারধর করে।
সালমা বেগম বলেন, একপর্যায়ে তারা আমার বাবাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে অচেতন করে আর মাকে মারধর করে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
পরে সকাল সাড়ে ৬টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, আমার বাবা আর বেঁচে নেই।
আরও পড়ুন : মাঠে ছাগল আনতে গিয়েছিল কিশোরী, অতঃপর…
তিনি আরও বলেন, ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আমার মায়ের চিকিৎসা চলছে। চিকিৎসক জানিয়েছেন, মায়ের অবস্থা আশঙ্কাজনক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
তিনি জানান, এই ঘটনায় নিহতের স্ত্রী গুরুতর আহত হয়। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা গুরুতর।
রিপোর্টার 









