ইলিশের রাজ্যখ্যাত পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে চারটি বড় আকৃতির ইলিশ। আর এই চারটি মাছই কিনে নিয়েছেন এক শৌখিন লন্ডনপ্রবাসী, যার মোট দাম দাঁড়িয়েছে ৪১ হাজার টাকা!
ঘটনাটি ঘটেছে ফরিদপুর ও রাজবাড়ীর গোয়ালন্দের মাঝামাঝি কবিরপুর এলাকায়। সোমবার (৭ জুলাই) ভোরে স্থানীয় জেলে কবির মোল্লার জালে আটকা পড়ে পদ্মার এই ‘স্বর্ণমূল্য’ ইলিশগুলো। মাছগুলোর মোট ওজন ৭ কেজি ৯০০ গ্রাম।
প্রথমে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ মাছগুলো ৫ হাজার টাকা কেজি দরে কিনে নেন। এতে দাম পড়ে ৩৯ হাজার ৫০০ টাকা। পরে মাছের আকৃতি ও গল্প সামাজিক মাধ্যমে ভাইরাল হলে, শ্রীমঙ্গল এলাকার এক লন্ডনপ্রবাসী শৌখিন মাছপ্রেমী এগিয়ে আসেন। তিনিই শেষ পর্যন্ত ৫ হাজার ২০০ টাকা কেজি দরে ৪১ হাজার টাকায় মাছগুলো কিনে নেন।
আরও পড়ুন : ঘুমিয়েই জিতলেন ১৩ লাখ টাকা পুরস্কার!
সম্রাট শাহজাহান শেখ জানান, ‘ভোর রাতে আত্মীয়ের ফোন পেয়ে কবিরপুরে ছুটে যাই। ওখানকার জেলে কবির মোল্লার জালে ধরা পড়ে চারটি বিরল আকৃতির ইলিশ। ওজন মেপে দেখি ৭ কেজি ৯শ গ্রাম! মৌসুমে এমন ইলিশ পাওয়া খুবই বিরল, তাই দাম নিয়ে কোনো দরাদরি করিনি।’
তিনি আরও বলেন, ‘এখন পদ্মায় ইলিশ কম, ভরা মৌসুমেও মাছ তেমন ধরা পড়ছে না। ফলে এত বড় সাইজের ইলিশের দাম এমন হওয়াটা স্বাভাবিক।’
বাংলাদেশি খাবারের প্রতি প্রবাসীদের ভালোবাসা নতুন কিছু নয়। কিন্তু দেশ থেকে সরাসরি পদ্মার ইলিশ কিনে নেওয়ার এমন গল্প সত্যিই নজরকাড়া। মাছগুলো কীভাবে লন্ডনে যাবে, কিংবা পরিবারের কারা তা খাবেন—সেসব নিয়ে এখনও কৌতূহল রয়ে গেছে স্থানীয়দের মাঝে।
ঢাকা ডেস্ক 









