দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার পুর্বাভাস দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৭ জুলাই) বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্ক বার্তায় এমন তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর প্রেরিত সেই সতর্ক বার্তায় বলা হয়, বরিশাল, খুলনা, নোয়াখালী, পটুয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, এবং কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আরও পড়ুন : দেশের ৬ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ের শঙ্কা
এদিকে আবহাওয়া অধিদপ্তর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে। সেই সাথে আরও জানিয়েছে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোনো কোনো এলাকায় ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
অতিভারি বর্ষণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ধসের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঢাকা ডেস্ক 









