মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই ছিলেন বলে জানা গেছে। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার ভবেরচরের দড়িবাউশিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন— মাহমুদুল হাসান (৩১) ও মেহেদী হাসান (৩০)। মাহমুদুল চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বহরী গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং মেহেদী একই উপজেলার কাশিমপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
নিহত মাহমুদুল হাসান ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী মতলবের মাজহারুল ইসলাম সোহান জানান, মতলব দক্ষিণ থেকে মোটরসাইকেলে চড়ে মাহমুদুল ও মেহেদী ঢাকা যাচ্ছিলেন। পথে ভবেরচর দড়ি বাউশিয়া এলাকায় পৌঁছালে তিশা পরিবহনের একটি বাস পেছন থেকে এসে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।
আরো পড়ুন : মাগুরায় ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী
এর ফলে সড়কের ওপর ছিটকে পড়ে একজন সেখানেই নিহত হন। অপরজনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, স্থানীয়দের সহযোগিতায় বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।
এ ব্যাপারে হাইওয়ে পুলিশ গজারিয়া থানায় একটি মামলা করেছে বলেও জানান তিনি।
ঢাকা ডেস্ক 









