রাজধানীতে গত দুই সপ্তাহ ধরে সব ধরনের সবজির দাম ক্রমেই বাড়ছে। কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম। বেশির ভাগ সবজির কেজি এখন ৬০ থেকে ৮০ টাকা।
শুক্রবার (৪ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকায়, চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৬০ টাকায়, ধন্দুল প্রতি কেজি ৮০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ৮০ টাকা, পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া প্রতি কেজি পটল ৬০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, টমেটো ১৪০ থেকে ১৬০ টাকা, গাঁজর ১৬০ টাকা, শসা ৮০ টাকা এবং আলু ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
শুক্রবার ছুটির দিনে রাজধানীর শান্তিনগর বাজারে এসেছেন যান বেসরকারি চাকরিজীবী আমিনুল ইসলাম। তিনি এ প্রতিবেদককে বলেন, বাজারে সবজির দাম গত কিছুদিন যাবত বেড়েই চলেছে। আজও বাড়তি দামে সবজি কিনলাম। হঠাৎ করে কেন সব ধরনের সবজির দাম এতটা বেড়ে গেল বুঝতে পারছি না। তবুও বাধ্য হয়ে অল্প কিছু সবজি কিনলাম।
মালিবাগ বাজারের সবজি বিক্রেতা রাজু আহমেদ বলেন, বেশ কিছু সবজির মৌসুম এখন প্রায় শেষের দিকে। যেসব সবজির মৌসুম শেষ হয়েছে সেগুলোর দাম বেড়েছে। মৌসুম শেষ হওয়ায় বাজারে এসব সবজির সরবরাহ কিছুটা কম। ফলে সবজি গুলোর দাম বেড়েছে। নতুন মৌসুমের সবজি উঠার আগ পর্যন্ত কিছুটা বাড়তি থাকবে।
রামপুরা বাজারের সবজি বিক্রেতা আলমগীর বলেন, সব ধরনের সবজি আগের চেয়ে বাড়তি দামে পাইকারি বাজার থেকে কিনতে হয়েছে। পাইকারি বাজারে এখন এসব সবজির সরবরাহ কম এ কারণেই বাজারের দাম বেড়েছে।
দাম বাড়ার কারণে আমাদের বিক্রির পরিমাণও কমে গেছে। আগে যেই ক্রেতা ১ কেজি সবজি কিনতো, এখন সেই ক্রেতাই আধা কেজি সবজি কিনছে। ফলে আমাদের বিক্রির পরিমাণ কমেছে।
ঢাকা ডেস্ক 









