বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর চালানো বিশেষ অভিযানে কুকি-চীন ন্যাশনাল আর্মির (কেএনএ) দুই সদস্য নিহত হয়েছেন, যাদের একজন ছিলেন সংগঠনটির কমান্ডার।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম।
সূত্র জানায়, অভিযানে সেনাবাহিনী তিনটি সাবমেশিনগান (এসএমজি), একটি রাইফেল এবং বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করেছে। তবে নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
স্থানীয়দের মতে, অভিযানের রাতে পাহাড়ি এলাকায় গোলাগুলির শব্দ শোনা যায় এবং সকালে জঙ্গলে দুই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
আরও পড়ুন : কী কারণে পরিবারসহ বাড়ি ছাড়লেন কুমিল্লার সেই নারী
এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, রুমা উপজেলার প্রত্যন্ত পাহাড়ি এলাকায় সশস্ত্র কেএনএ সদস্যদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে তারা গুলিবিদ্ধ হয়ে মারা যান। অভিযানে আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে। নিহতদের পরিচয় জানতে আরও সময় লাগবে বলে জানানো হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, অভিযানের বিস্তারিত তথ্য পরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
অতিরিক্ত পুলিশ সুপার করিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
ঢাকা ডেস্ক 









