প্রতি বছরের ন্যায় এবছরও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে পালিত হবে আশুরা। সেই উপলক্ষে রাজধানী ঢাকায় বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়। এসব মিছিল ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে কিছু বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ২ জুলাই (বুধবার) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ার হোসাইনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ৬ জুলাই (১০ মহররম) পবিত্র আশুরা পালনের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল আয়োজন করা হবে। তবে কিছু অংশগ্রহণকারী ধারালো বা বিপজ্জনক বস্তু—যেমন দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি—নিয়ে মিছিলে অংশ নেয়, যা অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিতে পারে। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ার পাশাপাশি জননিরাপত্তাও বিঘ্নিত হতে পারে বলে মনে করছে ডিএমপি।
আরও পড়ুন : প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দিয়ে চাকরিচ্যুত সেই সহকারী কমিশনার তাপসী
এছাড়াও, আশুরা উপলক্ষে অনেক স্থানে আতশবাজি ও পটকা ফোটানো হয়ে থাকে, যা ধর্মীয় পরিবেশের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নিরাপত্তা বজায় রাখতে ডিএমপি জানিয়েছে, তাজিয়া মিছিলে যেকোনো ধরনের ধারালো বা বিপজ্জনক বস্তু বহন এবং আতশবাজি বা পটকা ফোটানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত কার্যকর থাকবে।
ঢাকা ডেস্ক 









