এবার ইতালি যেতে ইচ্ছুকদের জন্য সুখবর। দেশটি নতুন করে প্রায় ৫ লাখ কর্ম ভিসা দিতে যাচ্ছে । মূলত তাদের শ্রমিক সংকট কমাতে এবং বৈধ অভিবাসন বৃদ্ধির কৌশলের অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোতে থেকে এসব কর্মী নেওয়া হবে। খবর রয়টার্স
৫ লাখ কর্মী নেবে ইতালি
সোমবার (৩০ জুন) ইতালির মন্ত্রিসভার এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে এ ভিসা দেওয়া হবে।
বিবৃতিতে বলা হয়েছে, আগামী বছর ১ লাখ ৬৪ হাজার ৮৫০টি ভিসা দেওয়া হবে। পরে ২০২৮ সাল পর্যন্ত ধাপে ধাপে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জনকে বৈধপথে কর্মভিসা নিয়ে ইতালিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
তিন বছর আগে দায়িত্ব নেয়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, এ নিয়ে দ্বিতীয়বার এ ধরনের উদ্যোগ নিলেন। তার সরকার ইতিমধ্যে অভিবাসীদের জন্য সাড়ে ৪ লাখের বেশি পারমিট ইস্যু করার কথা জানিয়েছে। ২০২৩ সাল থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত এসব পারমিট দেওয়া হচ্ছে।
আরও পড়ুন : ট্রাম্পর উপর চটেছেন ইলন মাস্ক, সরাসরি হুমকি
নতুন শ্রমিক নেওয়ার পাশাপাশি, মেলোনি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি পুনর্বাসনপ্রক্রিয়া দ্রুত করা ও ভূমধ্যসাগরে অভিবাসীদের উদ্ধারকারী দাতব্য সংস্থাগুলোর কার্যক্রম সীমিত করার পদক্ষেপ গ্রহণ করেছেন।
গতকালের বিবৃতিতে আরও বলা হয়, ‘শ্রম ও শিল্প খাতের প্রতিনিধিদের চাহিদা বিবেচনায় নিয়ে এবং গত কয়েক বছরে জমা পড়া প্রকৃত কর্মভিসার আবেদন যাচাইয়ের ভিত্তিতে কোটা নির্ধারণ করা হয়েছে; যাতে ব্যবসার প্রয়োজন মেটানো যায় ও কার্যক্রমটি বাস্তবসম্মত হয়।’
ইতালির কৃষি-পেশাজীবীদের সংগঠন কোলদিরেত্তি সরকারের এ পরিকল্পনাকে স্বাগত জানিয়ে বলেছে, এটি মাঠে শ্রমিকের সহজলভ্যতা ও দেশের খাদ্য উৎপাদন নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ঢাকা ডেস্ক 









