রাজধানী তেহরানে ব্যাপক হামলার নির্দেশ দিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করার অভিযোগ তুলে তিনি ওই নির্দেশ জারি করেন। খবর আলজাজিরার।
তেহরানে ‘ব্যাপক হামলার’ নির্দেশ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ দেশটির সেনাবাহিনীকে তেহরানের প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি লক্ষ্যবস্তুতে তীব্র হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব জোরালোভাবে দেওয়ার আদেশ জারি করেন তিনি।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং দুটিই প্রতিহত করা হয়েছে। যুদ্ধবিরতির পর সতর্কতা প্রত্যাহার করে আইডিএফ। এক বার্তায় আশ্রয়কেন্দ্র থেকে ইসরায়েলিদের বেরিয়ে আসা নিরাপদ বলে ঘোষণা করা হয়। এরপরই ইরান হামলা করেছে বলে দাবি করা হয়।
আরও পড়ুন : শত্রুদেশে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
তবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর অস্বীকার করে সংবাদ প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
এর আগে ইসরায়েল নিশ্চিত করেছে, তারা ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রস্তাবে সম্মত হয়েছে। তবে যুদ্ধবিরতির যে কোনো লঙ্ঘনের ব্যাপারে তারা ছাড় দেবে না।
এদিকে ইরানের উত্তরাঞ্চল গিলান প্রদেশে অজানা সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় অন্তত ৯ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন। এ হামলায় চারটি বাড়িও সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। ইরানের অভিযোগ, এ ঘটনার পেছনে ইসরায়েলের হাত রয়েছে।
ঢাকা ডেস্ক 









