ইসরায়েলি হামলা ও মার্কিন হুমকির বিরুদ্ধে ইরানের রাজধানী তেহরানের রাস্তায় বিক্ষোভে নামেন হাজার হাজার মানুষ। শুক্রবার (২০ জুন) জুমার নামাজের পর এই মিছিলটি অনুষ্ঠিত হয়।
আল জাজিরার খবরে বলা হয়, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত ছবিতে দেখা গেছে, সাপ্তাহিক নামাজের পর ইরানের রাজধানী তেহরানে লাখ লাখ মানুষ ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। এ সময় তারা তাদের নেতাদের সমর্থন দিয়ে স্লোগান দিয়েছেন।
এছাড়া মার্কিন হস্তক্ষেপ ও হুমকির বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় তাদের। কারো কারো ব্যানারে তাদের নেতাদের জন্য জীবন উৎসর্গের কথাও উল্লেখ ছিল। মূলত সারাদেশে ইরানি জাতির প্রতি সংহতি ও প্রতিরোধের অংশ হিসেবে মিছিলে নামেন নাগরিকরা—এমনটি জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
আরও পড়ুন : ‘যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলে খুব খুশি হবে চীন-রাশিয়া’
বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের হুমকির বিরুদ্ধেও স্লোগান দেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত খবরে বলা হয়, ‘‘আজকের শুক্রবার ইরানি জাতির ঐক্য ও প্রতিরোধের দিন।’’
ফুটেজে দেখা গেছে, তেহরানে বিক্ষোভকারীরা ১৩ জুন ইসরায়েলের হামলার পর নিহত কমান্ডারদের ছবি ধরে আছেন। অনেকে ইরান, ফিলিস্তিন এবং হিজবুল্লাহর পতাকা উড়িয়েছেন।
একজন বিক্ষোভকারীর ব্যানারে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ির প্রতি ইঙ্গিত করে লেখা ছিল, ‘আমি আমার নেতার জন্য আমার জীবন উৎসর্গ করব।’
রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, রাজধানী তেহরান ছাড়াও দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজ এবং দক্ষিণের শিরাজেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা ডেস্ক 









