রাজধানীতে কামরুল আহসান সাধন নামে বিএনপির এক নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। রোববার (২৫ মে) রাত ৯টার দিকে মধ্য বাড্ডার গুদারাঘাট ৪ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। নিহত কামরুল আহসান গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক। এই হত্যাকোণ্ডের একটি সিটিটিভি ফুটেজ এরইমধ্যে প্রকাশ্যে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ফুটেজে খুব কাছ থেকে বিএনপি নেতাকে গুলি করতে দেখা যায়।
হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম।
ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, রাতে মধ্য বাড্ডার কামরুল আহসান সাধনকে গুলি করে দুর্বৃত্তরা। পরে লোকজন তাকে উদ্ধার করে হৃদরোগ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় গুদারাঘাট এলাকায় চেয়ারে বসে কয়েকজনের সঙ্গে গল্প করছিলেন কামরুল আহসান। ওই সময় দু’জন তাকে গুলি করে পালিয়ে যায়। জড়িত ব্যক্তিদের আটক করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন : তৃতীয়দিনের মতো উত্তাল সচিবালয়, কঠোর কর্মসূচির হুমকি
নিহতের ভাগ্নে জিহাদ বলেন, বাড্ডায় ওনাকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করা হয়৷ গুলিবিদ্ধ অবস্থায় তাকে আমরা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে নিয়ে আসি৷ এখানে চিকিৎসকরা তাকে দেখে মারা গেছেন বলে জানায়৷
এদিকে বিএনপি নেতাকে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। সোমবার (২৬ মে) বাড্ডা থানার পুলিশ সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যরা মরদেহ দাফন শেষে মামলা করবেন।
ঢাকা ডেস্ক 









