জ্যৈষ্ঠের বৃষ্টির মধ্যেও দাপটে রয়েছে তাপমাত্রা। সর্বত্রই গরমে হাঁসফাঁস জনজীবন। দেশের সর্বোচ্চ তাপমাত্রাও বিরাজ করছে ৩৭ ডিগ্রির ঘরে। এই অবস্থায় দুপুরের মধ্যে দেশের ৪ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।
বুধবার (২১ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন শঙ্কার কথা জানানো হয়েছে। সেই সঙ্গে এসব জেলার নদীবন্দরে সতর্ক সংকেতও দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আরও পড়ুন : ভারতে ভারি বৃষ্টি, ডুবে যেতে পারে বাংলাদেশের ৪ জেলা
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, এই সময়ের মধ্যে রংপুর, ময়মনসিংহ, কক্সবাজার ও সিলেটের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিন সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে। সে সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ অবস্থায় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকা ডেস্ক 









