গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়েছে আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। আজ প্রিজন ভ্যানে করে তাকে কারাগারে আনা হয় বলে নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ।
সোমবার (১৯ মে) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নুসরাত ফারিয়াকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত রোববার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতিকালে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
তার বিরুদ্ধে ভাটারা থানায় জুলাই গণ-অভ্যুত্থানের সময় দায়ের হওয়া একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। তার জামিন শুনানির জন্য ২২ মে দিন ধার্য করা হয়েছে।
আরও পড়ুন : চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন হাসনাত
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয় শিল্পীকে আসামি করা হয়। গত ২৮ এপ্রিল আদালতের আদেশের পরদিন ভাটারা থানায় মামলাটি নথিভুক্ত হয়। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে নুসরাত ফারিয়াকে।
রেডিও জকি (আরজে) হিসেবে ক্যারিয়ার শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর ২০১৩ সালে নাম লেখান উপস্থাপক হিসেবে। কয়েকটি নাটকেও অভিনয় করেন। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার আশিকী সিনেমায় বড়পর্দায় অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই সাড়া ফেলে দেন তিনি। এরপর ঢালিউড ও টালিউড মিলিয়ে প্রায় ২০টি সিনেমায় অভিনয় করেছেন।
সবশেষ গত ঈদে তার অভিনীত ‘জিন-৩’ সিনেমা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে।
ঢাকা ডেস্ক 









