পাকিস্তানে হামলা করতে গিয়ে আবারও বিপাকে পড়েছে ভারত। দেশটির পাল্টা হামলায় তিনটি রাফায়েলসহ মোট পাঁচটি যুদ্ধবিমান খুইয়েছে ভারত।
ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তানি বিমানবাহিনী কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
বুধবার (৭ মে) প্রথম প্রহরে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ বলেন, পাকিস্তান তাদের প্রতিশোধমূলক পদক্ষেপে জয়ী হয়েছে।
তিনি বলেন, ভারতীয় বাহিনীর আক্রমণের তীব্র ও নির্ভুল জবাব দিয়েছে। পাকিস্তানি সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য দৃঢ়ভাবে কাজ করছে।’
তবে পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সামা টিভির অনলাইনে দাবি করা হয়েছে, দুই দেশের মধ্যকার চরম উত্তেজনার মধ্যে ভারতীয় বিমানবাহিনীর তিনটি যুদ্ধবিমান এবং একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে পাকিস্তানের মিসাইল হামলা চালিয়েছে ভারত। টান টান উত্তেজনার মাঝে এদিন রাতে পাকিস্তান ভূখণ্ডের অন্তত তিনটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা হয়।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাত দিয়ে জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যা জানা যাচ্ছে
পাকিস্তানের আইএসপিআর দাবি করেছে, ভারত পাকিস্তানের তিনটি শহরে মিসাইল হামলা চালিয়েছে। শহরগুলো হলো বাহাওয়ালপুর, রাওয়ালপিন্ডি এবং মুজাফফরাবাদ।
বাহাওয়ালপুরে হাফিজ সাঈদের একটি মাদ্রাসায় হামলা হয়েছে, যেখানে তিনটি বিস্ফোরণের শব্দে শহরের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন।
এ ছাড়া, কাশ্মীরের মুজাফফরাবাদ এবং রাওয়ালপিন্ডিতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। পরে ভারত এ ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ তোলে। এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমাগত বাড়ছে। যদিও এ অভিযোগ পাকিস্তান অস্বীকার করেছে।
ঢাকা ডেস্ক 









