দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার পাশাপাশি ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের আশঙ্কা করছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার (৯ জুলাই) বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য জারি করা সতর্ক বার্তায় বলা হয়, রাত ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে ভারী থেকে অতিভারি বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় সম্ভাব্য ভূমিধসের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অফিস।
আরও পড়ুন : এবার আরেক জেলায় বন্যার আশঙ্কা
ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরের নিচু এলাকাগুলোতে অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে জানান, বুধবার বিকেল ৪টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত বরিশাল বিভাগের ভোলা ও পটুয়াখালী, চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে অত্যন্ত ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অফিস ও বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে নিচু এলাকা ও পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকা ও প্রয়োজন হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
ঢাকা ডেস্ক 









