ছাত্র-জনতার নেতৃত্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের স্মরণে ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ দিনটি এখন থেকে প্রতি বছর সরকারি ছুটি হিসেবে পালন করা হবে বলে জানানো হয়েছে।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশের মাধ্যমে এই ঘোষণা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৫ আগস্টকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করে যথাযোগ্য মর্যাদায় পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে দিবসটি পালন নিশ্চিত করতে অনুরোধ জানানো হয়েছে।
এর আগে ২৫ জুন জারি করা দুইটি পরিপত্রে ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করা হয়েছিল, যা মূলত অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের দিন হিসেবে নির্ধারিত ছিল। তবে ৫ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে কোনো আলাদা দিবস না থাকায় অনেক মহল থেকে সমালোচনা ওঠে।
পরে সরকারের পক্ষ থেকে পুনর্মূল্যায়ন শেষে ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং পূর্বের দুইটি পরিপত্র বাতিল করা হয়।
ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের এই দিনটিকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালনের প্রস্তুতি শুরু হয়েছে।
ঢাকা ডেস্ক 









