এইচএসসি পরীক্ষার জন্য বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফ পুলিকে উদ্ধার করেছে র্যাব-৪। নিখোঁজের প্রায় ১৫-১৬ ঘণ্টা পর তাকে সাভার থেকে উদ্ধার করা হয়।
রোববার (২৯ জুন) দিবাগত রাতে ঢাকার সাভার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় বলে র্যাব জানায়।
এর আগে, রোববার সকাল ৮টার দিকে এইচএসসি পরীক্ষার জন্য ভাটারা এলাকার বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফ।
পরিবার সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১টার দিকে তার পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মাহিরা বাড়ি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিতে যায়। সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন, মাহিরা ওই দিন পরীক্ষা কেন্দ্রে উপস্থিতই হননি।
আরও পড়ুন : কুমিল্লার ধর্ষণের ঘটনায় এবার নতুন চাঞ্চল্য
পরে মাহিরার পরিবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। এরপর থেকেই তার খোঁজে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে উদ্ধারের মাহিরা র্যাবের কাছে দাবি করেন, পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর এক নারীর খপ্পরে পড়েন তিনি। তার নাকে কিছু একটা ছোঁয়ানোর পরে তিনি জ্ঞান হারান। এরপর তাকে সাভারের নির্জন একটি জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে কিছু সময় থাকার পরে তার জ্ঞান ফেরে। এরপর পরনের ড্রেস পরিবর্তনের জন্য মাহিরাকে একটি পোশাক দেওয়া হয়। এই সুযোগে তিনি ওই স্থান থেকে বেরিয়ে আসেন।
এরপর জঙ্গল দিয়ে দৌড়াতে থাকেন এই এইচএসসি পরীক্ষার্থী। একটা পর্যায়ে রাস্তায় তিনি র্যাব-৪ এর একটি গাড়ি দেখতে পান এবং তাদের কাছে ঘটনা খুলে বললে তাকে উদ্ধার করা হয়। পরবর্তীতে স্বজনদের সঙ্গে যোগাযোগ করে রাতে তাদের হাতে মাহিরাকে তুলে দেওয়া হয়।
ভুক্তভোগী মাহিরার দেওয়া বক্তব্য যাচাই করতে পারেনি র্যাব।
ঢাকা ডেস্ক 









