জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আইসিটি ভবনের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ ফলাফল ঘোষণা করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
প্রায় এক যুগ পরে গত ৩১ মে দেশের প্রায় ৩০০টি কেন্দ্রে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন পরীক্ষার্থী এতে অংশ নেয়। এরমধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন শিক্ষার্থী। যার মধ্যে ৩৩ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী ৫০ শতাংশের ওপরে নম্বর পেয়েছে।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধাতালিকায় স্থান পেয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৩৬৪ জন। উত্তীর্ণরা ২৯ জুন তারিখ থেকে ভর্তি ফরম ডাউনলোড করে সংশ্লিষ্ট কলেজের সঙ্গে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবে।
আরও পড়ুন : অন্যায় তদবিরে না বললেই আমি ভারতের দালাল : আসিফ নজরুল
ফল ঘোষণা করার সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মো. এ টি এম জাফরুল আযম, ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিভিন্ন দপ্তরের পরিচালক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফল জানা যাবে যেভাবে
শিক্ষার্থীরা দুইভাবে ভর্তি পরীক্ষার ফলাফল জানতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগইন করে এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।
ওয়েবসাইটে ফল দেখার নিয়ম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট এর মাধ্যমে ফলাফল দেখা যাবে। ফলাফল দেখার ধাপসমূহ প্রথমে Admission result 2025 ওয়েবসাইটে যেতে হবে। পরে সাইনইন পৃষ্ঠায় নিজ পিন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
লগইন করার পর ড্যাশবোর্ডে ‘ফলাফল’ অপশনটি নির্বাচন করতে হবে। সেখানে ফলাফল দেখা যাবে। এছাড়া ফলাফল শিটটি ডাউনলোড বা প্রিন্ট করা যাবে।
মোবাইল ফোনে এসএমএসে ফল
মোবাইল ফোনে এসএমএস পাঠালেও ফিরতি বার্তায় ফল জানিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে NUAT লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।
গত ৩১ মে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ৬৪ জেলা শহরে ৮৭৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৫ লাখ ৬০ হাজারেরও বেশি ভর্তিচ্ছু।
জানা যায়, ২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হতো। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো এসএসসি ও এইচএসসির জিপিএর ভিত্তিতে অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তি শুরু করে। আট বছর পর তাতে আবারও পরিবর্তন আনা হলো। এবার ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নেওয়া হচ্ছে।
ঢাকা ডেস্ক 









