ইসলামপন্থি রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্য পুরনো প্রতীক ‘দাঁড়িপাল্লা’ পুনরায় বরাদ্দ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে দলটিকে ফিরিয়ে দেওয়া হয়েছে নিবন্ধন।
দীর্ঘ আইনি লড়াই ও নিবন্ধন জটিলতার পর প্রতীক বরাদ্দের মধ্যদিয়ে দলটি এবার নতুন করে সক্রিয় রাজনীতিতে ফিরেছে।
মঙ্গলবার (২৪ জুন) বিকেলে ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।
ওইদিন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, ‘জামায়াতে ইসলামী তাদের প্রতিনিধিদলের মাধ্যমে আমাদের কাছে একটি আবেদন করেছে যে তারা চায় তাদের দাঁড়িপাল্লা যে দলীয় প্রতীকটি ছিল, সেই প্রতীকও যেন অন্তর্ভুক্ত হয়। এটা নিয়ে বিশদ আলোচনা করেছি। যে বিষয়গুলো বিবেচনায় নেয়া হয়েছে, তার মধ্যে আছে- ‘স্ট্যাটাসকো এনটে’ বলতে কী বোঝায়, অর্থাৎ ২০১৩ সালে জামায়াতের দলীয় নিবন্ধনের সঙ্গে প্রতীক ছিল, সেটি বিবেচনায় নেয়া হয়েছে।’
এসময় তিনি আরো বলেন, ২০০৮ সালের ৫ নভেম্বর জামায়াতে ইসলামীর নিবন্ধন প্রজ্ঞাপনে নিবন্ধনের সঙ্গে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা দেয়া হয়েছিল। এ ছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশের সংশ্লিষ্ট ধারাও বিবেচনায় নেয়া হয়েছে।
ঢাকা ডেস্ক 









