প্রথমবারের মতো সম্পূর্ণ স্থানীয়ভাবে তৈরি ইরানের জেট বিমান নির্মাণ প্রকল্পের বেশ অগ্রগতি হয়েছে। ফলে বাণিজ্যিক জেট নির্মাতাদের দলে অতি শীঘ্রই যোগ দিতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ ইরান।
অ্যারোস্পেস নলেজ-ভিত্তিক অর্থনীতি উন্নয়ন সদর দপ্তরের সচিব হোসেইন শোকরি প্রথম ইরানি জেট বিমান তৈরির সুখবর দিয়েছেন।
তিনি জানান, ইতোমধ্যে এই প্রকল্পের ৬০ শতাংশ অগ্রগতি হয়েছে।
হোসেইন শোকরি বলেন, এই বিমানের বিভিন্ন অংশের প্রাথমিক প্রোটোটাইপ, যেমন ফিউজলেজ, ডানার কাঠামো এবং উন্নত এভিওনিক্স সিস্টেম, ইত্যাদি উন্মোচন করা হয়েছে।
প্রসঙ্গত, গত চার দশক ধরে পশ্চিমা নিষেধাজ্ঞায় আওতায় রয়েছে ইরান। এই নিষেধাজ্ঞার ফলে ইরানে আধুনিক প্রযুক্তিও রপ্তানি বন্ধ হয়ে আছে।
ফলে বাধ্য হয়েই জ্ঞান-বিজ্ঞান চর্চায় নিজের জাতিকে নিয়োজিত করেছে ইরান। আর এটিই ইরানি জাতির সাফল্য এনে দিয়েছে।
আরও পড়ুন : আরও ২০ স্যাটেলাইট তৈরি করছে ইরান
এর আগে ২০১৯ সালে দেশে তৈরি সর্বাধুনিক প্রযুক্তির জেট প্রশিক্ষণ বিমান তৈরি করেছিল ইরান।
সেই বিমানটির নাম ‘ইয়াসিন’। দেশটির তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি বিমানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ইরানের সামরিক সূত্র থেকে জানা যায়, ইয়াসিন বিমানটির দৈর্ঘ্য ১২ মিটার ও প্রস্থ পাঁচ মিটার। পে লোডসহ বিমানের ওজন সাড়ে পাঁচ টন।
ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার উচ্চতায় উড়তে সক্ষম ইয়াসিন হালকা যুদ্ধেও পারদর্শী।
ঢাকা ডেস্ক 









