আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ঢাকা মহানগর ইউনিট এই কর্মসূচির আয়োজন করেছে।সমাবেশ চলাকালে আসরের নামাজের সময় হলে মঞ্চেই নামাজ আদায় করেন দলটির নেতারা।
মঞ্চেই নামাজ আদায় করেন এনসিপির নেতারা
শুক্রবার (০২ মে) বিকাল ৫টা ২০ মিনিটে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে করা মঞ্চে নামাজে দাঁড়ান এনসিপি নেতারা।নামাজে ইমামতি করেন দলের সদস্যসচিব আখতার হোসেন।
এর আগে বিকাল ৩টায় সমাবেশ শুরু হয়। মঞ্চে উপস্থিত হন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ অন্যান্য নেতারা।
এর আগে জুমার নামাজের পর থেকেই সমাবেশস্থলে মিছিল নিয়ে আসতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। এসব মিছিলে দলটির কেন্দ্রীয় নেতাদের নেতৃত্ব দিতে দেখা গেছে।
আরও পড়ুন : যে দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি হেফাজতের
সমাবেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যে আলোচনা নিয়ে রাজনীতি সামনে আগাচ্ছে, সেটা হলো : সংস্কার, নির্বাচন ও আওয়ামী লীগের বিচার। এর কোনোটিই একে অন্যের বিরোধী নয়, বরং এ তিনটির মাধ্যমেই গণতান্ত্রিক রুপান্তর হওয়া সম্ভব। ৫ই আগস্টে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি রায় দিয়েছে যে, তারা এ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না। ফলে জনগণই আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। সে সিদ্ধান্ত নেওয়ার উপায় হচ্ছে, একটি ভোটের মাধ্যমে, অন্যটি রাজপথে তাদের অবস্থান জানান দিয়ে গণ-অভ্যুত্থানের মাধ্যমে।
ঢাকা ডেস্ক 









