ভবিষ্যতে আওয়ামী লীগের মিছিল নিয়ন্ত্রণ করতে না পারলে পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শনকালে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের মিছিলের বিষয়ে পুলিশের নিষ্ক্রিয়তার প্রশ্নে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দুজনকে এ্ররই মধ্যে আটক করা হয়েছে। ভবিষ্যতে যাতে মিছিল না করতে পারে সেজন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য আমরা চেষ্টা করছি।
আরো পড়ুন: নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ
পুলিশ সদস্যরা বদলির পরও পূর্বের জায়গায় থাকছেন এমন এক প্রশ্নে তিনি বলেন, বদলির পরও আগের জায়গায় রয়েছেন এমন নির্দিষ্ট তথ্য পেলে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
উপদেষ্টা বলেন, বদলির ক্ষেত্রে সাধারণ পুলিশ সদস্যদের একই বিভাগে রাখা যায় কিনা সেটি ভাবছি। পরিবার থেকে দূরে থাকলে তাদের ছুটির সংখ্যা কমে যায়। তারা মাত্র ২০ দিন ছুটি পায়। অন্যান্য ছুটি পায় ২০ দিন, যা অনেকক্ষেত্রে আমরা দিতেও পারি না। এজন্য আমরা চেষ্টা করব নিচের পর্যায়ে একই বিভাগে দেওয়ার জন্য।
পুলিশ সদস্যদের থাকা ও খাওয়ার ব্যবস্থা দেখা ও উন্নত করার জন্য থানা পরিদর্শন করছেন বলে জানান উপদেষ্টা।
ঢাকা ডেস্ক 









