কুষ্টিয়ার দৌলতপুরে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে জাহিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার সৎ ভাইয়েরা। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাগানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম ওই গ্রামের ভেলু মণ্ডলের দ্বিতীয় স্ত্রীর সন্তান। এ ঘটনায় জাহিদুলের ছেলে রাব্বি ও ভাই শরিফুল গুরুতর আহত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন : আফগানিস্তানে আবারও ভূমিকম্পের আঘাত
স্থানীয় সূত্রে জানা যায়, ভেলু মণ্ডলের দুই স্ত্রীর সন্তানদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে কথাকাটাকাটির একপর্যায়ে জাহিদুলের সৎ ভাই এনামুল, বাদলসহ তাদের লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই জাহিদুলের মৃত্যু হয়।
ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে একাধিক পুলিশ টিম অভিযান চালাচ্ছে।
ঢাকা ডেস্ক 









