রাজধানীর মিরপুরে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১৬ জনের মরদেহ অবশেষে শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ডিএনএ পরীক্ষার ফলাফলের সঙ্গে মিলিয়ে মরদেহ শনাক্তের কাজ সম্পন্ন করে পুলিশ। এর পর একে একে নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
বহুদিনের অপেক্ষা আর শোকের ভারে নুয়ে পড়া স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতাল প্রাঙ্গণ। ঘটনার পাঁচ দিন পর প্রিয়জনের দেহাবশেষ পেয়ে অনেকেই ভেঙে পড়েন।
আরও পড়ুন : আজকের আবহাওয়া
সরকারি সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা প্রদান করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। তবে এক ভুক্তভোগীর বাবা অভিযোগ করেন, মেয়ের স্বামীর মরদেহ হস্তান্তর করা হলেও মেয়ের মরদেহ এখনো পাননি তারা।
রূপনগর থানার ওসি (তদন্ত) মোখলেছুর রহমান জানান, “হাতে থাকা ১৬টি মরদেহের পরিচয় নিশ্চিত করা গেছে। তবে কারখানায় উদ্ধার কাজ এখনো চলছে। নতুন কোনো মরদেহ উদ্ধার হলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে হস্তান্তর করা হবে।”
এর আগে, গত ১৪ অক্টোবর সকালে মিরপুরের শিয়ালবাড়ির শাহ আলম রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বের হওয়ার পথ না থাকায় আগুনে পুড়ে মৃত্যু হয় ১৬ জন শ্রমিকের।
ঢাকা ডেস্ক 









