বাংলাদেশ থেকে দক্ষ, অদক্ষ ও আধাদক্ষ কর্মী নিয়োগের বিষয়ে একটি নতুন সমঝোতা চুক্তি করেছে ইরাক। ঢাকায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে দুই দেশের যৌথ কমিটির বৈঠকে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
বৃহস্পতিবার দিবাগত রাতে মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশি কর্মীরা ইরাকে যাওয়ার আগে কর্মসংস্থান চুক্তিতে স্বাক্ষর করবেন। একই সঙ্গে ইরাকে কোন কোন খাতে কর্মীর চাহিদা রয়েছে, তা নির্ধারণে বাংলাদেশ দূতাবাস তথ্য সংগ্রহ করে পাঠানোর প্রক্রিয়া সমন্বয় করবে।
চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদুল হক, আর ইরাকের পক্ষে দেশের মিডিয়া, আরব ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মহাপরিচালক কাজিম আব্দুর রেজা খাইয়ুন আত-ওয়ানি।
আরও পড়ুন : বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের সম্ভাবনা, ১২০ ঘণ্টার পূর্বাভাস প্রকাশ
বৈঠকে নিরাপদ ও সুশৃঙ্খল শ্রম অভিবাসন, ইরাকে কর্মরত অনিয়মিত বাংলাদেশি শ্রমিকদের নিয়মিতকরণ এবং দক্ষ শ্রমিক প্রেরণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষের সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে, ইরাক সরকার বাংলাদেশিদের জন্য কর্মী ভিসা প্রদানের মাধ্যমে নিয়োগ কার্যক্রমে সহযোগিতা করবে।
এছাড়া, ইরাকি নিয়োগকর্তা প্রদত্ত চাহিদাপত্র দূতাবাসের সত্যায়নের মাধ্যমে কর্মী নিয়োগ সম্পন্ন করার সিদ্ধান্ত হয়। একইসঙ্গে অনিয়মিত কর্মীদের সাধারণ ক্ষমার আওতায় আনতে বাংলাদেশ সরকার ইরাক সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাবে।
যৌথ কমিটি প্রতি বছর অন্তত একবার বৈঠক করে অগ্রগতি মূল্যায়নেরও সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ।
ঢাকা ডেস্ক 









