রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোট ভোটারের প্রায় ৭০ শতাংশ (৬৯.৮৩ শতাংশ) শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত অব্যাহত থাকে। নির্বাচনী কমিশন জানায়, ২৮,৯০১ জন ভোটারের মধ্যে ২০,১৮৭ জন ভোট প্রদান করেছেন।
আরও পড়ুন : ‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, নতুন কর্মসূচি ঘোষণা শিক্ষকদের
হলে ভোটার উপস্থিতির দিক থেকে সর্বোচ্চ ছিল সৈয়দ আমের আলী হল, যেখানে ৭৭.৭৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। শাহ মখদুম হলে ভোটার উপস্থিতি ছিল ৭৭.৭১ শতাংশ, আর হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ৭৭.৬০ শতাংশ। সর্বনিম্ন উপস্থিতি রোকেয়া হলে, মাত্র ৫৯.৬০ শতাংশ। রহামাতুন্নেছা হলে ৬০.৭০ শতাংশ এবং বেগম খালেদা জিয়া হলে ৬১.৪৯ শতাংশ ভোটার অংশগ্রহণ করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, “নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার সুন্দরভাবে প্রয়োগ করেছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও প্রশাসনসহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভোটার উপস্থিতির হারও সন্তোষজনক।”
ঢাকা ডেস্ক 









