গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে প্রথম ধাপে মুক্তি দেওয়া সাত জিম্মি ইসরায়েলে পৌঁছেছেন। বাকি ১৩ জিম্মি এখন রেড ক্রসের হেফাজতে আছেন।
সোমবার (১৩ অক্টোবর) সকালেই যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজা উপত্যকায় ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)। উভয় পক্ষের বন্দিদের মুক্তি তদারকির কাজ করছে তারা। খবর টাইমস অব ইসরায়েলের।
প্রতিবেদন অনুযায়ী, প্রথম ধাপে মুক্তি পাওয়া এই ৭ ইসরায়েলির সবাই পুরুষ। এদের নাম জিভ বেরমান, গালি বেরমান, এইতান মোর, মাতান আঙ্গরেস্ত, ওমরি মিরান, গাই গিলবোয়া-দালাল এবং অ্যালন ওহেল বলে জানা গেছে।
টানা দুই বছর ফিলিস্তিনিদের ওপর অমানবিক আগ্রাসন চালানোর পর গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার ভিত্তিতে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। চলতি সপ্তাহ থেকে কার্যকর হয় এই যুদ্ধবিরতি। এরপর এই প্রথম ইসরায়েলি জিম্মিদের মুক্তির ঘটনা ঘটল।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে রোববার (১২ অক্টোবর) ঘোষণা এসেছে, হামাসের হাত থেকে সব জিম্মির মুক্তি নিশ্চিতের পরই ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেবে তারা।
এসব ইসরায়েলি জিম্মি মুক্তির পর আগামী কয়েক ঘণ্টার মধ্যে ২৫০ বন্দি ও গাজা থেকে আটক ১ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে ইসরায়েলের।
ঢাকা ডেস্ক 









