চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর, বৃহস্পতিবার প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস. এম. কামাল উদ্দিন হায়দার।
তিনি জানান, ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফলাফল জানতে প্রতিষ্ঠানগুলো www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে Result কর্নারে গিয়ে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবে। শিক্ষার্থীরাও নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট বা বোর্ডসমূহের সমন্বিত সাইট থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে।
এ ছাড়া মোবাইল থেকে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এজন্য নির্ধারিত শর্ট কোড 16222 নম্বরে বার্তা পাঠাতে হবে। তবে শিক্ষাবোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে সরাসরি ফলাফল পাওয়া যাবে না।
আরও পড়ুন : আগামী পাঁচ দিন তিন বিভাগে বৃষ্টির আভাস
ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত https://rescrutinu.eduboardresult.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত নির্দেশনা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। কিছু বিষয় স্থগিত থাকায় পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা দেরিতে শেষ হয়। নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করেন। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারাদেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা।
তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি। ফলে ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রায় সোয়া ১২ লাখ পরীক্ষার্থী।
ঢাকা ডেস্ক 









