গাজা উপত্যকায় আটক সাতজন ইসরায়েলি বন্দিকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) কাছে হস্তান্তর করেছে হামাস। এছাড়া আরও ১৩ জন বন্দির মুক্তির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আল জাজিরা। অন্যদিকে, প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দি এখনো মুক্তির অপেক্ষায় রয়েছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছেন। তিনি শিগগিরই মধ্যপ্রাচ্যে পৌঁছাবেন বলে জানানো হয়েছে, যেখানে তিনি ইসরায়েলি কনেসেটে ভাষণ দেবেন এবং মিশরে আয়োজিত গাজা যুদ্ধবিরতি বিষয়ক সম্মেলনে সহসভাপতির দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন : দুই দিনের স্থবিরতা শেষে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল স্বাভাবিক
উত্তর গাজার যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতে অনেক ফিলিস্তিনি ধীরে ধীরে নিজেদের ভেঙে পড়া ঘরে ফিরতে শুরু করেছেন। তবে এখনো সেখানে খাদ্য, ওষুধ এবং অন্যান্য জরুরি সরবরাহের সংকট তীব্র আকারে রয়ে গেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে হামাসের আকস্মিক হামলার পর থেকে চলমান সংঘাতে গাজায় এখন পর্যন্ত অন্তত ৬৭ হাজার ৮০৬ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ। অপরদিকে, ওই হামলায় ইসরায়েলে প্রাণ হারিয়েছিলেন ১ হাজার ১৩৯ জন এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।
ঢাকা ডেস্ক 









