গাজা উপত্যকায় যুদ্ধবিরতির ঘোষণার পর বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ঢল নেমেছে গাজা শহরে। স্থানীয় সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে পাঁচ লক্ষাধিক মানুষ শহরে ফিরে এসেছেন।
সংস্থার মুখপাত্র মাহমুদ বাসসাল জানান, ইসরায়েলের বোমাবর্ষণ বন্ধ হওয়ার পরপরই হাজারো মানুষ ধ্বংসস্তূপ পেরিয়ে নিজেদের ঘরে ফিরতে শুরু করেন। “গতকাল থেকে এ পর্যন্ত অর্ধকোটি মানুষ গাজা শহরে ফিরে এসেছেন,” বলেন তিনি এএফপিকে।
দুই বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতে গাজা নগরী এখন এক ভস্মীভূত শহর। ধ্বংসস্তূপে ঢাকা রাস্তাঘাট, ভাঙা ভবন ও ছিন্নবিচ্ছিন্ন অবকাঠামোর মধ্যেও মানুষ ফিরছেন নতুন করে জীবন গড়ার আশায়।
আরও পড়ুন : দেশে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন
যুদ্ধবিরতির আগে ইসরায়েলের টানা বিমান ও স্থল অভিযানে প্রায় সাত লক্ষ বাসিন্দা গাজা শহর ও উত্তরাঞ্চল থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, দীর্ঘ এই সংঘাতে ৬৭ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে, আর গাজার বেশিরভাগ এলাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।
যুদ্ধবিরতির পর ধীরে ধীরে জীবনের চিহ্ন ফিরতে শুরু করেছে গাজায়। তবে ধ্বংসের যে চিত্র রেখে গেছে যুদ্ধ, তা পুনর্গঠনে লাগবে অনেক সময়—আরও অনেক আন্তর্জাতিক সহযোগিতা।
সূত্র: মিডল ইস্ট আই
ঢাকা ডেস্ক 









