আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিশ্ব ডাক দিবস। এ বছরের বিশ্ব ডাক দিবসের প্রতিপাদ্য— ‘জনগণের জন্য ডাক : স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর’।
দিবসটি উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে দুই দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বছরের বিশ্ব ডাক দিবসের প্রতিপাদ্য— ‘জনগণের জন্য ডাক : স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর’।
এ প্রতিপাদ্যের মূল লক্ষ্য হলো জনগণের সঙ্গে সরকারের সংযোগ বৃদ্ধি, টেকসই উন্নয়নে ডাকসেবার ভূমিকা তুলে ধরা এবং আধুনিক ডাক ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
দিবসটি উপলক্ষ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব আজ দুই দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডাক বিভাগের কর্মকর্তা–কর্মচারী, শিক্ষার্থী ও গণমাধ্যমের প্রতিনিধি।
ঢাকা ডেস্ক 









