ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও এক দফা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিইআরসি নতুন এ মূল্য ঘোষণা করে জানিয়েছে, সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, সেপ্টেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৭০ টাকা। অক্টোবরের জন্য তা কমিয়ে ১ হাজার ২৪১ টাকায় নামানো হয়েছে।
আরও পড়ুন : স্ত্রী রাতে সাপ হয়ে যায়, অভিযোগ স্বামীর!
এর পাশাপাশি অটোগ্যাসের দামও সমন্বয় করেছে কমিশন। ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ লিটারপ্রতি দাম ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানায়, অক্টোবর মাসের জন্য সৌদি আরামকো ঘোষিত প্রোপেন ও বিউটেনের গড় আন্তর্জাতিক দাম (সৌদি সিপি) বিবেচনায় এনে এ সমন্বয় করা হয়েছে। প্রোপেনের মূল্য ধরা হয়েছে প্রতি মেট্রিক টন ৪৯৫ ডলার এবং বিউটেনের ৪৭৫ ডলার, যেখানে অনুপাত ৩৫:৬৫ ধরা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম চার দফা কমলেও সাত দফা বেড়েছিল। সর্বশেষ সেপ্টেম্বরে দাম অপরিবর্তিত রাখা হয়।
ঢাকা ডেস্ক 









