আগামী দুই দিনে দেশের কয়েকটি অঞ্চলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে অন্তত ৭ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বৃহস্পতিবার (২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি বেড়েছে। আগামী দুই দিনে এসব নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। এতে ফেনী জেলার মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে আশপাশের এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে। একই সময়ে চট্টগ্রাম জেলার ফেনী নদীর পানিও সতর্কসীমা ছুঁতে পারে। তবে তৃতীয় দিন থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে।
এদিকে রংপুর বিভাগের তিস্তা নদীর পানি সমতল ইতিমধ্যেই বেড়েছে। যদিও ধরলা ও দুধকুমার নদীর পানি কমেছে, তবে আগামী তিন দিনে তা আবারও বাড়তে পারে। এতে লালমনিরহাট ও নীলফামারীর নিম্নাঞ্চল অস্থায়ীভাবে প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।
আরও পড়ুন : সন্ধ্যার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ের আভাস
ময়মনসিংহ বিভাগের কংস নদীর পানি কিছুটা হ্রাস পেলেও সোমেশ্বরী ও ভুগাই নদীতে স্থিতিশীল অবস্থা বিরাজ করছে। পূর্বাভাস বলছে, শিগগিরই এসব নদীর পানি বাড়তে পারে। এতে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণার নিম্নাঞ্চলে পানি সতর্কসীমায় পৌঁছে সাময়িক বন্যা দেখা দিতে পারে।
একই সঙ্গে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার দেখা দিয়েছে। আগামী দুই দিন এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সামগ্রিকভাবে আগামী ৪৮ ঘণ্টায় অন্তত ৭ জেলার নিম্নাঞ্চল আংশিক প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
ঢাকা ডেস্ক 









