ইথিওপিয়ার একটি গির্জায় অস্থায়ীভাবে নির্মিত ‘স্ক্যাফোল্ডিং’ ধসে পড়ে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২০০ জনেরও বেশি মানুষ।
বুধবার (১ অক্টোবর) রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরার।
আলজাজিরা জানায়, রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৭০ কিলোমিটার (৪০ মাইল) পূর্বে আরের্তি শহরে সকাল ৭টা ৪৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। তখন একদল ধর্মপ্রাণ মানুষ বার্ষিক ভার্জিন মেরি উৎসবে অংশ নিচ্ছিলেন।
দেশটির জেলা পুলিশ প্রধান আহমেদ গেবেয়েহু রাষ্ট্রীয় গণমাধ্যম ফানা নিউজকে জানান, ‘মৃতের সংখ্যা ৩৬ জনে পৌঁছেছে এবং তা আরও বাড়তে পারে। আহতের সংখ্যা ২০০-এর বেশি, যাদের অনেকেই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।’
ইবিসি’র অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে দেখা গেছে, কাঠের খুঁটির জঞ্জালের স্তূপে লোকজন ভিড় করে আছে। অন্য ছবিতে দেখা যায় গির্জার বাইরের অংশ, যেখানে অস্থায়ীভাবে কাঠামোটি নির্মাণ করা হয়েছিল।
ইবিসি প্রকাশিত একটি সরকারি বিবৃতিতে ঘটনার জন্য শোক প্রকাশ করা হয়েছে এবং বলা হয়েছে, ‘নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।’
‘স্ক্যাফোল্ডি’ হলো অস্থায়ী কাঠামো। যা বাড়ি, ভবন অথবা বিভিন্ন প্রকল্পের কাজ করতে বা ভবন রং করার ক্ষেত্রে তৈরি করেন শ্রমিকরা। এ ধরনের কাঠামো সাধারণত মাটি থেকে উচুঁ জায়গায় কাজ করতে কাঠ, বাঁশ বা রড দিয়ে তৈরি করা হয়।
ঢাকা ডেস্ক 









