বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। এ নিয়ে ফেসবুকে কড়া মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।
রবিবার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে দেওয়া এক স্ট্যাটাসে ভিপি সাদিক লেখেন—
“ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের একমাত্র পরিচয় খুনি ও গণহত্যাকারী। জুলাইয়ের ঘাতকদের অন্য কোনো পরিচয় হতে পারে না।”
তিনি আরও বলেন, “ক্রিকেটার সাকিব ও রাজনীতিবিদ সাকিব আলাদা—এমন প্রচেষ্টা যারা চালিয়েছেন, তাদের উদ্দেশ্য জাতির কাছে স্পষ্ট। একইভাবে বিভিন্ন পেশার গণহত্যাকারীদের তথাকথিত বুদ্ধিজীবী, সাংবাদিক, কূটনীতিক বা রাজনীতিবিদের পরিচয় দিয়ে স্বাভাবিকীকরণ ও পুনর্বাসনের চেষ্টা হয়েছে।”
আরও পড়ুন : সাকিবের পোস্টে সারজিস আলমের কড়া মন্তব্য
তার ভাষায়, “আমরা স্পষ্ট করে জানাতে চাই, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে গড়ে ওঠা ফ্যাসিস্ট, তাদের দোসর এবং ফ্যাসিবাদী কাঠামো ভেঙে না দেওয়া পর্যন্ত জুলাই প্রজন্ম থামবে না।”
এদিকে এর আগে সাকিবের পোস্ট ঘিরে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে পাল্টাপাল্টি বক্তব্য নিয়েও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। রোববার রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পর সাকিব সমালোচনার মুখে পড়েন। কিছুক্ষণ পর আসিফ মাহমুদ লেখেন—
“একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। কিন্তু আমি ঠিকই ছিলাম।”
পরে সাকিব জবাব দিয়ে নিজের ফেসবুকে লিখেন—
“যাক, শেষমেশ কেউ একজন স্বীকার করলেন, তার জন্যই আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না। দেশের হয়ে খেলতেও পারলাম না! হয়তো কোনোদিন ফিরব মাতৃভূমিতে। ভালোবাসি বাংলাদেশ।”
সাকিবকে ঘিরে সাম্প্রতিক এ বিতর্কে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ঢাকা ডেস্ক 









