নরসিংদীর সদর উপজেলার আলোকবালী ইউনিয়নে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে সাদেক মিয়া (৪২) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে ইউনিয়নের মুরাদনগর গ্রামে। নিহত সাদেক মিয়া স্থানীয় যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং ওই গ্রামের রুপ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আলোকবালীর চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে কয়েক দফা সংঘর্ষের পর সোমবার ভোরে ফের গোলাগুলি হয়। এতে ঘটনাস্থলেই সাদেক মিয়া নিহত হন। আহতদের নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন : সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আর নেই
অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ জানান, সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে নতুন করে কোনো সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর একই ইউনিয়নে সংঘর্ষে ইদন মিয়া এবং ১৯ সেপ্টেম্বর ফেরদৌসী বেগম নামের দুইজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। সর্বশেষ ঘটনায় নিহতসহ গত ১১ দিনে মোট তিনজন প্রাণ হারালেন, আহত হয়েছেন অন্তত ৩০ জন।
ঢাকা ডেস্ক 









